অনলাইন ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর মধ্যে একটি ভোলা সরকারি কলেজ। কিন্তু প্রতিষ্ঠার ৬৪ বছরেও কলেজটিতে গড়ে ওঠেনি কোনো অডিটোরিয়াম। এ অবস্থায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা কলেজের মাঠে অস্থায়ী প্যান্ডেল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের।
এতে একদিকে অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে বৃষ্টি বা তীব্র রোদের মধ্যেই জাতীয় দিবসসহ কলেজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালের ১৬ সেপ্টেম্বর ভোলা পৌরসভার যুগীরঘোল-সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালের ৭ মে এটি জাতীয়করণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ, ১৬টি বিষয়ে অনার্স এবং ১৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। কলেজে ৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী, ৫২ জন শিক্ষক ও ৪৩ জন কর্মচারী রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, কলেজে আধুনিক অডিটোরিয়াম না থাকায় জাতীয় দিবস, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অ্যাকাডেমিক সেমিনার আয়োজন করতে ভোগান্তিতে পড়তে হয়। অস্থায়ী প্যান্ডেলে অনুষ্ঠান করতে গিয়ে বৃষ্টি, ঝড় ও অতিরিক্ত গরমের কারণে কার্যক্রম ব্যাহত হয়। বড় আয়োজনে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম, প্রজেক্টর ও আলোর ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে।
শিক্ষার্থী মেসকাত আহমেদ, আব্দুল্লাহ আল তুহিন, হাসনাইন ইসলাম ও তুষি বলেন, অডিটোরিয়াম না থাকায় বিভিন্ন অনুষ্ঠান ও সেমিনার খোলা মাঠে আয়োজন করতে হয়। এতে আবহাওয়ার কারণে অনুষ্ঠান পণ্ড হওয়ার পাশাপাশি বড় পরিসরে সেমিনার, ক্যারিয়ার ওয়ার্কশপ বা অতিথিদের বক্তৃতার আয়োজন করা সম্ভব হয় না। তারা দ্রুত একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানান।
ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন বলেন, অডিটোরিয়ামের অভাব অ্যাকাডেমিক, সাংস্কৃতিক, সহশিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বড় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অস্থায়ী প্যান্ডেল ব্যবহারে অতিরিক্ত অর্থ, সময় ও ব্যবস্থাপনা প্রয়োজন হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, আধুনিক অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত প্রস্তাব ও আবেদন পাঠানো হয়েছে। তাঁর ভাষ্য, ফাইলটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রয়েছে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশের জন্য দ্রুত অডিটোরিয়াম নির্মাণ প্রয়োজন।

