অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে বেঙ্গালুরুতে এসেছিল পানামা। কিন্তু মাঠের লড়াইয়ে ভারতকে হারাতে পারেনি তারা, শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এই ফলের জন্য অবশ্য শিষ্যদের কাঠগড়ায় তুলছেন না পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন। তার মতে, ম্যাচের আগে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত জটিলতার কারণে দলটি ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি।
শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে পাঁচজন খেলোয়াড়কে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানসেন। তাদের জন্য ম্যাচটি ছিল শেখার অভিজ্ঞতা। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় ফলাফলের দায় নিজের ওপর নিয়েছেন পানামার কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানসেন বলেন, নতুন ফুটবলারদের দিয়ে খেলানো সহজ নয়। পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো শুরু করলেও ভ্রমণ ও লজিস্টিক জটিলতার কারণে কাজ ও অনুশীলনের সময় পাওয়া যায়নি। তবে তাদের দিয়ে শুরু করতে পেরে তিনি খুশি এবং এই অভিজ্ঞতা থেকে শেখার প্রয়োজন রয়েছে বলে জানান।
ম্যাচের আগে স্টেডিয়ামে পৌঁছাতে পানামা দলকে প্রায় দুই ঘণ্টা বাসে থাকতে হয়েছে। যানজটের কারণে দীর্ঘ এই যাত্রা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন ক্রিশ্চিয়ানসেন।
তিনি এটিকে অজুহাত হিসেবে দেখাতে চান না বলেও জানান। তবে যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে যাওয়া সহজ নয় এবং স্থানীয় লজিস্টিক ও ভ্রমণ ব্যবস্থাও জটিল ছিল বলে মন্তব্য করেন। ভবিষ্যতে এ ধরনের চুক্তির ক্ষেত্রে আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি।
ক্রিশ্চিয়ানসেন আরও বলেন, মাঠের ভেতরে ও বাইরে বিষয়গুলো কীভাবে সামলানো হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মতে, পানামার খেলোয়াড়েরা আরও ভালো ব্যবস্থাপনা পাওয়ার যোগ্য।

