অনলাইন ডেস্ক: সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রোম্যান্টিক থ্রিলার ঘরানার বহুল প্রতীক্ষিত এই ভারতীয় ছবির নতুন লুক প্রকাশ পেয়েছে, যেখানে গ্ল্যামারাস হিরোইনের অবতারে দেখা গেছে আলিয়াকে।
নতুন পোস্টারে আবেদনময়ী রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোস্টারে তাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। পরনে ছিল স্লিট স্কার্ট, মাথায় ছিল বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, পোজ এবং চোখের তীব্র অভিব্যক্তিতে তার লুকে রেট্রো আমেজ ফুটে উঠেছে।
আলিয়ার এই লুক ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। আলিয়ার লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনুরাগীদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
পিরিয়ড ড্রামার প্রচলিত গণ্ডি থেকে বেরিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। বানসালির সঙ্গে এটি আলিয়ার দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে আবারও পর্দা ভাগ করছেন তিনি।
প্রধান তারকাদের লুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচার কার্যক্রম চালাচ্ছেন নির্মাতারা। ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

