অনলাইন ডেস্ক: এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও হতাশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও এবার সেই পাকিস্তানের বিপক্ষে হেরে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। খালি হাতে ফেরার পর আগামী ৩ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দলের প্রধান কোচ ও ম্যানেজারে পরিবর্তন আনা হয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল ৩ অক্টোবর দেশ ছাড়বে। এর আগে প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে। সিরিজের জন্য ১৬ সদস্যের দল থাকছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর দলে ফিরতে যাচ্ছেন মুর্শিদা খাতুন।
এই সিরিজে ম্যানেজার হিসেবে থাকছেন না ফাইয়াজ। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন বুলবুল বাশার।
প্রধান কোচ সারোয়ার ইমরানেরও দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। আগামী ১ অক্টোবর বাংলাদেশে এসে দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন ডেভিড হেম্প।
ডেভিড হেম্প বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছেন। জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন হেম্প।

