Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক: রাজনৈতিক প্রক্রিয়া জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি (মন্ত্রী পদমর্যাদা)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষের জবাবদিহিতার মধ্যে থাকা প্রয়োজন। একইভাবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহির আওতায় রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা গত তিনটি নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করলে সরকারে থেকেও জবাবদিহির মধ্যে থাকতে পারতেন। সরকারে না থাকলে বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারতেন। জনগণের জবাব দেওয়ার অধিকার না দেওয়ার পরিণতিতে তাকে অসম্মানজনকভাবে জীবনযাপন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, কোনো সভ্য দেশে জবাবদিহিতাবিহীন প্রতিষ্ঠান থাকতে পারে না। বড় কোনো মিডিয়া হাউজের মালিক হওয়ায় অন্যদের জবাবদিহির মধ্যে রাখবেন, কিন্তু নিজে জবাবদিহির বাইরে থাকবেন—এটি হতে পারে না।

গণমাধ্যমের মালিকেরা কর দেন কি না, সাংবাদিক-কর্মচারীদের বেতন ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করেন কি না, সম্পাদকীয় নীতিমালা মেনে চলেন কি না এবং সংবাদের নামে অপতথ্য ছড়ানো হচ্ছে কি না—এসব জানার অধিকার জনগণের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তার দাবি, গণমাধ্যমের জবাবদিহির কাঠামো গড়ে না ওঠায় গণমাধ্যমের একটি অংশের মধ্যে ‘ফ্রাঙ্কেনস্টাইন মনোজগৎ’ তৈরি হয়েছে। তারা নিজেদের মতো করে চরিত্র মূল্যায়ন ও মিডিয়া ট্রায়াল করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গণমাধ্যমের একটি অংশ বিভিন্ন সময়ে নানা ধরনের প্রচার চালিয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন। তার অভিযোগ, কেউ কেউ ক্ষমতাসীনদের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা, কর ফাঁকি, ব্যাংক লুট বা অন্যান্য অবৈধ সুবিধা নেওয়ার জন্য এসব করেছে।

জুলাইয়ের অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় গণমাধ্যমের একটি অংশ শহীদ ও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল। তাদের ভূমিকার কারণে একদল তরুণ রাজনৈতিক কর্মী জাতীয় নেতায় পরিণত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram