Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শিল্পীর সমাজের প্রতি দায়িত্ব থাকা উচিত: ভাবনা

শিল্পীর সমাজের প্রতি দায়িত্ব থাকা উচিত: ভাবনা

অনলাইন ডেস্ক: প্রকাশ্যে নীতিকথা বললেও ব্যক্তিজীবনে মাদকসহ নানা অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ রয়েছে—শিল্পীদের এমন দ্বৈত আচরণ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার শোবিজ অঙ্গনের চাকচিক্যের আড়ালে থাকা কিছু অপ্রিয় সত্য নিয়ে কথা বলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বহু বছরের ক্যারিয়ারে দেখা ও অনুধাবন করা বিষয়গুলো থেকে পাওয়া উপলব্ধি প্রকাশ্যে জানিয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয়জগতে পথচলা শুরু ভাবনার। কাজের সূত্রে বিনোদন জগতের নানা আড়ালের গল্পও তার কাছে অপরিচিত নয়। দীর্ঘ অভিজ্ঞতার পর তিনি বলেন, তথাকথিত অনেক বড় মাপের শিল্পীর ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবন তাদের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে মেলে না।

ভাবনা জানান, অভিনয়জগতে আসার পর তাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, তিনি পানীয় গ্রহণ করেন কি না। তার মতে, সাক্ষাৎকারে অনেকে বড় বড় নীতিকথা বললেও ব্যক্তিগত জীবনে তারা ভালো মানুষ নন—এ বিষয়টি সবাই দেখতে পান।

জীবনের এই পর্যায়ে এসে সত্য গোপন করার প্রয়োজন বোধ করেন না বলেও জানান ভাবনা। তিনি বলেন, মানুষ যেকোনো সময় মারা যেতে পারে—এই উপলব্ধি এখন তার মধ্যে কাজ করে। তাই যা বলতে চান, তা বলবেন।

ভাবনার অভিযোগ, কিছু শিল্পী সাক্ষাৎকারে নীতিকথা বললেও আড়ালে মাদক বা অন্যান্য অনিয়ন্ত্রিত আচরণে জড়ান এবং সেটিকে অনুপ্রেরণা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। এমন ব্যক্তিদের শিল্পী হিসেবে কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

একজন শিল্পীর সমাজের প্রতি নৈতিক ও সামাজিক দায়িত্ব থাকা উচিত বলে মনে করেন ভাবনা। এ প্রসঙ্গে তিনি সৈয়দ জামিল আহমেদের উদাহরণ দেন। তার ভাষ্য অনুযায়ী, জামিল আহমেদের কোনো নেশার প্রয়োজন হয় না; তার কাজই তার পরিচয় তৈরি করেছে। সন্ধ্যার পর অনিয়ন্ত্রিত জীবনযাপনে জড়ান—এমন ব্যক্তিদের তিনি প্রকৃত শিল্পী মনে করেন না বলেও জানান ভাবনা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram