অনলাইন ডেস্ক: গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং তাদের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল গালিগালাজ করে এবং এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উপস্থাপন করে। দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দল গণতন্ত্র ধ্বংসে নতুন চক্রান্তে যুক্ত হয়েছে। তিনি বলেন, তারা নিজেরাই বলছে—১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না।
তিনি আরও বলেন, ৫ আগস্ট পালিয়ে যাওয়া ব্যক্তিরা অন্য পাড়ে বসে গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিল করছে বলে তিনি মনে করেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের অপকর্ম, বক্তব্য ও কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন পানিসম্পদমন্ত্রী।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি আন্দোলন করতে করতে রাজপথ থেকে উঠে এসেছে এবং রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছে। আগামী দিনেও রাজপথে এই অপশক্তিকে মোকাবিলার কথা জানান তিনি।
তিনি বলেন, মত ভিন্ন হতে পারে, বক্তব্য ও আলোচনা থাকতে পারে। তবে বিরোধী দল ফ্যাসিস্ট কায়দায় আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে অসভ্য, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলে বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।

