অনলাইন ডেস্ক: কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তানভীর বলেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলে ও রিমান্ডে তাকে চরম নির্যাতন করা হয়েছে। নির্যাতনের কথা বাইরে বললে পরিবারের সদস্যদের গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অসুস্থতার কারণে কথা বলতে না পারায় পরে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। লিখিত বক্তব্যে তানভীর দাবি করেন, ৫ আগস্ট তাকে বগুড়া কারাগারের আলোবাতাসহীন ও অপরিচ্ছন্ন একটি সেলে রাখা হয়। সেখানে বিদ্যুৎ ও ফ্যান ছিল না এবং তাকে পচা খাবার দেওয়া হতো। এর ফলে তার ডায়রিয়া হয় বলেও তিনি জানান।
তানভীরের দাবি, তাকে অজ্ঞাত পরিচয়ের একাধিক ইনজেকশন দেওয়া হয়েছে। একপর্যায়ে তার ডান হাত ও ডান পা অবশ হয়ে যায়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ট্রোকের কথা বললেও কারা কর্তৃপক্ষ তা অস্বীকার করে বলে তিনি উল্লেখ করেন। এমআরআই করার সময় যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পর কোমর থেকে নিচের অংশ অবশ এবং ১০ থেকে ১২ ঘণ্টা অচেতন ছিলেন বলেও লিখিত বক্তব্যে দাবি করেন তিনি।
ঢাকায় আনার পরও নির্যাতনের অভিযোগ করেন তানভীর। তার ভাষ্য, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে নেওয়ার সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি গাড়িতে উঠে তাকে নির্যাতন করেন। বর্তমানে প্রস্রাব-পায়খানার জন্য ব্যাগ ও প্যাড ব্যবহার করতে হচ্ছে এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান।
চিকিৎসকদের তদন্তের দাবি
এনসিপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, তানভীরের শরীরে ৫০টিরও বেশি ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে। এসব ইনজেকশন কে বা কেন দিয়েছেন, তা নিয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, তানভীরের শরীরে ইলেকট্রিক শকের চিহ্নও দেখা গেছে। তার নিউরোলজিক্যাল পরীক্ষায় থোরাসিক ১২ নম্বর ভার্টিব্রার পর থেকে নিচের অংশে অনুভূতি না থাকা, পা নাড়াতে না পারা এবং প্রস্রাবের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি ধরা পড়েছে বলে জানান তিনি।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তানভীরের শরীরে ইনজেকশন ও ইলেকট্রিক শকের চিহ্নের কারণ কী এবং এর পেছনে কোনো চিকিৎসাগত কারণ ছিল কি না—এসব বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

