অনলাইন ডেস্ক: স্বাধীনতার পর ১৯৭২ সালে মাত্র একটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সময়ের সঙ্গে বেড়েছে। ইতিহাসে বিমানের বহরে সর্বোচ্চ ২১টি উড়োজাহাজ ছিল। সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এক বছরে করা নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ। ২০২৬ সালে প্রথমে ১৪টি এবং এবার আরও ১১টি—বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। অর্থাৎ বিমানের ইতিহাসে একসময় থাকা সর্বোচ্চ বহরের চেয়েও চারটি বেশি উড়োজাহাজের অর্ডার হয়েছে মাত্র এক বছরে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করে বাংলাদেশ।
চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে বিমান।
নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে বোয়িংয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন। বিমানের পক্ষে স্বাক্ষর করেন বোর্ড চেয়ারম্যান রুমি এ. হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ উপস্থিত ছিলেন।
বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, এই সম্পূরক চুক্তি বিমানের বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার ভাষ্য, ক্রয়াদেশটি বিমানের বহর পরিকল্পনার প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বোয়িংয়ের সঙ্গে দীর্ঘদিনের কার্যকর সম্পর্ক উড়োজাহাজ সরবরাহ ও সহায়তা ব্যবস্থাপনায় আস্থা তৈরি করেছে।
তিনি বলেন, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন হিসেবে বাংলাদেশের জনগণ, প্রবাসী সম্প্রদায়, ব্যবসা ও পর্যটনের যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে। দেশের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে চুক্তিটি করা হয়েছে বলেও জানান তিনি।
বিমান বর্তমানে আন্তর্জাতিক রুটে ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ নেক্সট-জেনারেশন উড়োজাহাজ পরিচালনা করছে। এসব উড়োজাহাজের মাধ্যমে বাংলাদেশ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের প্রধান হাবগুলোর সঙ্গে যুক্ত রয়েছে।
বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন বলেন, নতুন ক্রয়াদেশ বিমানের বহর ও সক্ষমতা বৃদ্ধির কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন। তার মতে, অতিরিক্ত ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিমানের জ্বালানি সাশ্রয়, বহুমুখিতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে।
এর আগে ২০২৬ সালের এপ্রিলে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তিতে ছিল আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

