অনলাইন ডেস্ক: ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনা তারকার কথার পাল্টা জবাব দিতে গিয়ে আক্রমণাত্মক হননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রেখে কেইন জানিয়েছেন, পুরস্কার নিয়ে প্রকাশ্যে বেশি কথা বলা তাঁর স্বভাব নয়; মাঠের খেলাতেই নিজের কৃতিত্বের প্রমাণ দিতে চান তিনি।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন। এমন পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অরের আলোচনায় রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। সম্প্রতি পুরস্কারটি নিয়ে ইয়ামাল বলেন, শুধু ৮০ গোল করার কারণে নয়, বিশ্বের সেরা খেলোয়াড়েরই ব্যালন ডি’অর পাওয়া উচিত। তাঁর মতে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এক বিষয় নয়।
ইয়ামালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কেইন জানান, তিনি নিজের সম্পর্কে বেশি কথা বলতে চান না এবং মাঠের খেলায়ই নিজের অবস্থান তুলে ধরতে পছন্দ করেন। তিনি বলেন, ব্যালন ডি’অর তাঁর নিয়ন্ত্রণে নেই।
ইয়ামালের মন্তব্যের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নন বলেও জানান কেইন। তবে বার্সেলোনার এই তারকার প্রশংসা করে তিনি বলেন, ইয়ামাল অসাধারণ খেলোয়াড় এবং এবার অনেকেই পুরস্কারটির দাবিদার। কেইনের তালিকায় কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও রদ্রিও রয়েছেন।
ব্যালন ডি’অর জিতলে তিনি গর্বিত হবেন বলেও জানিয়েছেন কেইন। তাঁর মতে, পুরস্কার নিয়ে কে কতটা সাক্ষাৎকার দিচ্ছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বাড়াতে পারে। তবে শেষ পর্যন্ত ভোটাররা নিজেদের বিবেচনা, পরিসংখ্যান ও খেলোয়াড়দের অর্জনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন।
নিজের অর্জনের প্রশংসা অন্যদের কাছ থেকে শুনতেই বেশি ভালো লাগে বলে জানান কেইন। সতীর্থ, সাবেক খেলোয়াড় বা অন্য কেউ তাঁর পারফরম্যান্সের প্রশংসা করলে সেটিকে নিজের সম্পর্কে নিজে কথা বলার চেয়ে বেশি অর্থবহ মনে করেন তিনি।

