অনলাইন ডেস্ক: লিওনেল স্কালোনির অধীনে টানা দু’বার ফুটবলের চূড়ান্ত মহারণে খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের লুসাইলের উৎসবের রাত। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে থাকলেও ২০২৬ আসরে তাদের থামিয়ে দিয়েছে স্পেন। ডিসেম্বরের পর স্কালোনি আর আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে সংশয় থাকলেও শিষ্য ফুটবলাররা তাকে কোচিং চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হবে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর ডিসেম্বর শেষে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এএফএর সঙ্গে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে বিদেশি গণমাধ্যম।
বিশ্বকাপজয়ী এই কোচ এখনও সংশয়ে থাকলেও ফুটবলারদের অবস্থান স্পষ্ট। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর ম্যাচ খেলতে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা খেলোয়াড়রা দেশে ফিরেছেন। বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার অনুশীলন শুরুর পর তরুণ মিডফিল্ডার নিকো পাজ স্কালোনিকে গুরুত্বপূর্ণ কোচদের একজন উল্লেখ করে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি দিয়ে জাতীয় দল থেকে বিদায় নেবেন মেসি। এরপর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড ক্রিস্টিয়ান রোমেরোর হাতে উঠতে পারে। এই ডিফেন্ডারও স্কালোনির থাকার প্রত্যাশা জানিয়েছেন। তার মতে, জাতীয় দল গড়ে তোলায় স্কালোনির প্রধান ভূমিকা রয়েছে।
তরুণ ডিফেন্ডার লিওনার্দে বালের্দি মনে করেন, স্কালোনির দায়িত্বে থাকা তাদের জন্য বিশেষ সুযোগ হবে। বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বলেছেন, জাতীয় দলের জন্য স্কালোনি সম্প্রতি নিজের সবটুকু দিয়েছেন এবং আর্জেন্টাইনদের আনন্দ দিয়েছেন। গোলরক্ষক হুয়ান মুসোও দলের সাফল্য ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার কৃতিত্ব স্কালোনিকে দিয়েছেন।
আট বছর আগে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় দলটি বিপর্যস্ত ছিল। স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপ জিতেছে। তার অধীনে ১০৪ ম্যাচে দলটি ৭৬টি জয় ও ১৮টি ড্র করেছে, হেরেছে ১০ ম্যাচ। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেমেছে।

