অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফলে নদীভাঙনকবলিত তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পর বুড়া গৌরাঙ্গ বালুমহাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভূমি মন্ত্রণালয়।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়ের সারায়াত-২ শাখা। চিঠিতে বুড়া গৌরাঙ্গ বালুমহাল ঘোষণার প্রক্রিয়া, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্যসহ প্রতিবেদন ২৩ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। চিঠির সঙ্গে তেঁতুলিয়া নদীসংক্রান্ত হাইকোর্টের রিটের আদেশের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
এর আগে তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ওই এলাকায় ‘বুড়া গৌরাঙ্গ’ নামে বালুমহাল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।
রিটের শুনানি শেষে গত ১৬ আগস্ট বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা থেকে সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
এ ছাড়া সরকারি নথিতে ভুল বা অপ্রচলিত নামে, যেমন ‘বুড়া গৌরাঙ্গ’ নামে রেকর্ডভুক্ত এলাকাগুলো যাচাই করে প্রকৃত ‘তেঁতুলিয়া নদী’ নামে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রিটে অভিযোগ করা হয়, নদীভাঙনকবলিত তেঁতুলিয়া নদীর এলাকায় ‘বুড়া গৌরাঙ্গ’ নামে বালুমহাল ঘোষণা করে সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালুমহাল ঘোষণার আগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসনের প্রকাশিত নদ-নদীর তালিকায় তেঁতুলিয়া (বরিশাল) ও বুড়া গৌরাঙ্গ নামে পৃথক নদীর উল্লেখ রয়েছে। তালিকায় বাউফল উপজেলার কারখানা নদীর প্রবাহ তেঁতুলিয়া (বরিশাল) থেকে বুড়িশ্বর-পায়রা পর্যন্ত দেখানো হয়েছে। অন্যদিকে দশমিনা, গলাচিপা ও রাঙ্গাবালী এলাকায় বুড়া গৌরাঙ্গ নদীর প্রবাহ দেখানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে বুড়া গৌরাঙ্গ বালুমহাল সরাসরি বাতিলের কোনো নির্দেশ দেওয়া হয়নি। বালুমহাল ঘোষণার প্রক্রিয়া, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই করে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেবে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

