অনলাইন ডেস্ক: মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ মিউজ বাজারে আসার পর দ্রুত ব্যবহারকারী টানছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, বাজারে আসার প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজ যতবার ইনস্টল হয়েছে, একই সময়ে চ্যাটজিপিটির চেয়ে সেই সংখ্যা বেশি।
ইনস্টলের পাশাপাশি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে বলে অ্যাপটোপিয়ার অনুমান। তবে এসব তথ্য মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব হিসাব নয়; এগুলো তৃতীয় পক্ষের বিশ্লেষণ।
দুই অ্যাপের তুলনা পুরোপুরি সমান নয়। চ্যাটজিপিটি মুঠোফোনে চালুর সময় বিশ্বজুড়ে শুধু আইফোনে পাওয়া যেত। অন্যদিকে মিউজ আইফোন ও অ্যান্ড্রয়েড—দুই ধরনের মুঠোফোনেই ব্যবহার করা যাচ্ছে। বর্তমানে অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।
তুলনাটি কাছাকাছি আনতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোনে ইনস্টলের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে মিউজ ১৮ লাখ এবং চ্যাটজিপিটি ১৩ লাখবার ইনস্টল হওয়ার তথ্য পাওয়া গেছে। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে মিউজ বাজারে আসার পর সামগ্রিক তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল, পরে প্রথম অবস্থানে ওঠে। আরেক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানিয়েছে, ওই সময়ে অ্যাপটির ইনস্টল ১০ লাখ ছাড়িয়েছিল।
যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের হিসাবে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার; চ্যাটজিপিটির ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার। শুধু আইফোনের হিসাবেও মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার বলে জানিয়েছে অ্যাপটোপিয়া।
অ্যাপটোপিয়ার কাছে মেটার অভ্যন্তরীণ তথ্য নেই। বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এসব সংখ্যা অনুমান করেছে, তাই এগুলোকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখা যাচ্ছে না।
মিউজের দ্রুত বিস্তারে মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপটি ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে এবং হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যায়। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন; ইনস্টাগ্রাম ব্যবহার করেন ৬৩ শতাংশ।
মেটা এখনো মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

