Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাম, চেহারা ও কণ্ঠস্বরের অপব্যবহার ঠেকাতে আদালতে মনোজ বাজপেয়ী

নাম, চেহারা ও কণ্ঠস্বরের অপব্যবহার ঠেকাতে আদালতে মনোজ বাজপেয়ী

অনলাইন ডেস্ক: রূপালী পর্দায় অনবদ্য অভিনয়শৈলী দিয়ে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করা ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী এবার এক ভিন্নধর্মী আইনি লড়াইয়ে নেমেছেন। নিজের নাম, চেহারা ও কণ্ঠস্বরের অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

৫৭ বছর বয়সী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।

ভারতীয় আইনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিটে অভিযোগ করা হয়েছে—বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোজ বাজপেয়ীর সম্মতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করছে। এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বর হুবহু নকল করা এবং বিভিন্ন এআই চ্যাটবটে তার ব্যক্তিত্বের নানা দিক বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগও করা হয়েছে।

আদালতে উপস্থাপিত নথিতে একটি ফ্যাশন ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি এমনভাবে অভিনেতার ছবি ব্যবহার করেছে, যাতে সাধারণ মানুষের মনে হতে পারে মনোজ বাজপেয়ী ওই ব্র্যান্ডের তৈরি স্যুট বা পোশাকের প্রচার করছেন। রিটে আরও বলা হয়েছে, অন্য একাধিক বিবাদী এআই ব্যবহার করে তার কণ্ঠ রূপান্তরের মাধ্যমে বাণিজ্যিক সুবিধা নিচ্ছে।

প্রযুক্তি ও এআইয়ের প্রসারের সঙ্গে তারকাদের চেহারা ও কণ্ঠস্বর নকলের প্রবণতা বাড়ছে। এর আগে অমিতাভ বচ্চন, তাবু, আল্লু অর্জুন, মোহনলাল, কাজল, আর মাধবন, জুনিয়র এনটিআর, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এবং ক্রিকেটার সুনীল গাভাস্কার ও যুবরাজ সিং ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্ট থেকে একই ধরনের অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘ফ্যামিলি ম্যান’খ্যাত মনোজ বাজপেয়ী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram