অনলাইন ডেস্ক: জামালপুরে ট্রেনের ধাক্কায় তাহমিনা আক্তার (২৬) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
তাহমিনা আক্তার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রী বলে জানা গেছে। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনটির সঙ্গে তাহমিনা আক্তারের ধাক্কা লাগে। এতে তিনি ট্রেনের নিচে চলে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগে থাকা কলেজের আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

