Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় আ.লীগ নেতা কারাগারে

খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় আ.লীগ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে হাজী জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দরবারপুরের বিএনপি নেতা আব্দুল কাদের জিলানী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলাটি করেন। মামলায় ১৫৮ জন এজাহারনামীয় এবং আরও ১৫০ থেকে ২৫০ জন অজ্ঞাত আসামি রয়েছেন।

তবে মামলার বাদী আব্দুল কাদের জিলানী বলেন, গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে তিনি চেনেন না এবং তাকে দেখেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ‘হাজী জামাল’ নামে পরিচিত জামাল উদ্দিন ঘনিয়ামোড়া এলাকার মৃত ননু মিয়ার ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছেন বলে সূত্র জানিয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ার আগে হাজী জামাল উদ্দিন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম সাধারণ সম্পাদক থাকাকালে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram