অনলাইন ডেস্ক: ছয় বছর আগে নির্মিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে আসছে। জসিম উদ্দিনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার ইন্দ্রনীল রায় চৌধুরী। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। মুক্তির আগে চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়।
ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে ছবিটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। যুক্তরাজ্যের লন্ডনের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ এটি সেরা চলচ্চিত্রের সম্মাননা অর্জন করে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
সোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে মুক্তির খবর জানায় চরকি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে।
সামাজিক মাধ্যমে ঋত্বিক চক্রবর্তী জানান, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহা। সোহেল মণ্ডলের সঙ্গে এই ছবির মাধ্যমেই ঋত্বিকের প্রথম পরিচয় ও একসঙ্গে কাজ করার সুযোগ হয়।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে।

