অনলাইন ডেস্ক: নব্বই দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে নাড়া দেওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র ২৮ বছর পর নতুন আঙ্গিকের সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ নির্মিত হয়েছে। পুরোনো স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই সিনেমাটি তৈরি করা হয়েছে।
মূল গল্প অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাঁদের অভিনয় ও জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন শিল্পী আরিয়ান ও রাদিফা।
আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুর করা গানগুলো। সেই আবহ ধরে রাখতে পুরোনো ছয়টি গানের মধ্যে তিনটির রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। পাশাপাশি বর্তমান প্রজন্মের পছন্দ বিবেচনায় যুক্ত হয়েছে নতুন দুটি গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতা আশাবাদী বলে জানা গেছে। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

