অনলাইন ডেস্ক: গত ১৮ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘দাইরা’। এটি একটি রিয়ালিস্টিক ক্রাইম ড্রামা সিনেমা। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং পৃথ্বীরাজ সুকুমারন।
সিনেমাটিতে দুজনকেই পুলিশের ভূমিকায় দেখা গেছে। তাদের অভিনয় এবং ছবির গল্প ইতোমধ্যে সমালোচকদের প্রশংসা পেয়েছে। ‘দাইরা’ পরিচালনা করেছেন মেঘনা গুলজার।
প্রথম তিন দিনে আয় সাড়ে ৪ কোটি রুপি
মুক্তির প্রথম তিন দিন, অর্থাৎ প্রথম উইকেন্ডে সিনেমাটি বক্স অফিসে স্থিতিশীল ব্যবসা করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটির আয় ছিল ১ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ রুপি। রোববার রাত ১০টা পর্যন্ত ছবিটি আরও ১ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে।
প্রথম তিন দিন শেষে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। মোট গ্রস আয় হয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপি।
যে ঘটনাকে ঘিরে গল্প
‘দাইরা’র গল্প গড়ে উঠেছে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনাকে কেন্দ্র করে। এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপর ডিসিপি রমন কুমারের দল অভিযুক্তদের এনকাউন্টারে মেরে ফেলে। রমন চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।
পুলিশের দাবি ছিল, আসামিরা হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল। তবে এনকাউন্টারের প্রকৃত ঘটনা জানতে তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।
এসআইটির প্রধান কর্মকর্তা আজুনি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। তদন্তের মাধ্যমে আজুনি শেষ পর্যন্ত কী সত্য উদ্ঘাটন করেন, তা নিয়েই এগিয়েছে সিনেমাটির মূল গল্প।

