অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের ওপরের অংশে রড টেনে নেওয়ার সময় সেটি ভবনের বাইরে থাকা একটি খোলা এসির বৈদ্যুতিক সংযোগে স্পর্শ করে। এতে আফাজুল ও সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগে লাগায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেন।
স্থানীয় বাসিন্দা মো. পলাশ মিয়া বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থান নিরাপদ করা প্রয়োজন ছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

