Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চেতনানাশক মেশানো খাবার খেয়ে হাসপাতালে পরিবারের ৬ সদস্য, বাড়িতে চুরির অভিযোগ

চেতনানাশক মেশানো খাবার খেয়ে হাসপাতালে পরিবারের ৬ সদস্য, বাড়িতে চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলেন বাইলজুরী গ্রামের বাসিন্দা ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী, তার মা বেদেনা বেগম, স্ত্রী জাহানারা আক্তার এবং তাদের তিন সন্তান রাইয়ান হোসেন, রিদোয়ান হোসেন ও মাইশা আক্তার।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়িতে থাকা অবস্থায় পরিবারের ছয় সদস্য হঠাৎ অচেতন ও অসুস্থ হয়ে পড়েন। পরে সন্ধ্যায় তাদের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের সবাই হাসপাতালে থাকায় রাতে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করেছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যদের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে দুটি কক্ষের তালা ভেঙে আলমারি, ওয়াটার ড্রপ, লেপ-তোষকসহ বিভিন্ন আসবাব ও মালামাল তছনছ করা হয়। একটি মানিব্যাগ থেকে ১ হাজার ১০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের দুই জোড়া রূপার নূপুর ও তিনটি রূপার আংটি চুরি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘিওর থানা-পুলিশ।

শিক্ষক রমজান আলী বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক কোনো দ্রব্য মেশানোর কারণে পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। সকালে বাড়িতে ফিরে তারা তালা ভাঙা ও ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। তার ধারণা, এই সুযোগে চুরি করা হয়েছে। সুস্থ হওয়ার পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরেছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের ছয় সদস্য কীভাবে অসুস্থ হয়েছেন এবং অসুস্থতার সঙ্গে চুরির ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram