Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

অনলাইন ডেস্ক: একটা সময় টিভি খুললেই যাকে নিয়মিত দেখত দর্শক, তিনি হলেন এডওয়ার্ড মাইকেল গ্রিলস, ওরফে বিয়ার গ্রিলস। পৃথিবীর দুর্গম সব পরিবেশে ‘টিকে থাকার লড়াই’ বা ‘সার্ভাইভাল’ শেখানোটা ছিল তার উদ্দেশ্য; যা জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ দেখা যেত। পর্দায় নানা জটিল ও মারাত্মক পরিস্থিতি মোকাবেলার দৃশ্য তুলে এনে দর্শকপ্রিয়তার শীর্ষে ওঠেন এই তারকা; এখনও বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে যার বিশাল সংখ্যক ভক্তকূল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তরুণ বয়সের বিয়ার গ্রিলসের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে জঙ্গল, সাপ বা কাদাপানির বদলে তার হাতে দেখা যাচ্ছে একটি অ্যাকোস্টিক গিটার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো ছবিটি শেয়ার করে ক্যাপশনে বিয়ার গ্রিলস লিখেছেন, ‘স্ট্রং লুক!’ লম্বা চুল ও হাস্যোজ্জ্বল মুখে গিটার বাজানোর ভঙ্গিতে তাকে দেখে নেটিজেনদের অনেকে স্মৃতিকাতর হয়েছেন। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তার সর্বভুক ইমেজের কারণে মন্তব্যের ঘরে হাসির প্রতিক্রিয়াও দেখা গেছে।

ছবিটি দেখে অনেকের প্রশ্ন উঠেছে, অ্যাডভেঞ্চারভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানে পরিচিত হওয়ার আগে বিয়ার গ্রিলস কি পেশাদার মিউজিশিয়ান ছিলেন? তবে এর উত্তর হলো, না। তিনি পেশাদার সংগীতশিল্পী নন। কিন্তু গান ও গিটারের প্রতি তার আগ্রহ পুরোনো।

ইউটিউবে থাকা একটি ভিডিও অনুযায়ী, ২০১১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে মঞ্চে বসে দর্শকদের সামনে গিটার বাজিয়ে গান করেছিলেন তিনি। এতে বোঝা যায়, পেশাদার মিউজিশিয়ান না হলেও গিটার বাজানোর শখ তার বহুদিনের।

টেলিভিশনে পরিচিতি

১৯৭৪ সালের ৭ জুন জন্ম নেওয়া বিয়ার গ্রিলসের টেলিভিশনে প্রবেশ ঘটে একটি ডিওডোরেন্টের বিজ্ঞাপনের মাধ্যমে। পরে ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাদক-বিরোধী ক্যাম্পেইনসহ ‘দ্য অপরাহ উইনফ্রে শো’, ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’ এবং ‘দ্য লেট শো ডেভিড লেটারম্যান’-এর মতো অনুষ্ঠানে তাকে দেখা যায়।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ধাপে ধাপে সম্প্রচারিত হয়। এ অনুষ্ঠানই তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। পাশাপাশি ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’, ‘বিয়ার গ্রিলস সার্ভাইভাল স্কুল’ এবং ‘ওর্স্ট কেস সিনারিও’ তার পরিচিতি আরও বিস্তৃত করে।

বর্তমানে বিয়ার গ্রিলস তার পরিচিত সারভাইভাল অনুষ্ঠান নিয়েই ব্যস্ত। চলতি বছরের ৯ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তার নতুন রিয়েলিটি সিরিজ ‘দ্য চুজেন ইন দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’। এতে ‘দ্য চুজেন’ ঐতিহাসিক ড্রামার অভিনয়শিল্পীদের নিয়ে উটাহর ক্যানিয়নল্যান্ডস, কলোরাডো নদী ও গ্রেট বেসিন মরুভূমির মতো দুর্গম পরিবেশে টিকে থাকার চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram