অনলাইন ডেস্ক: এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয় দিয়ে বুঁদ করে রেখেছেন রাশমিকা মান্দানা। তবে তামিল, তেলুগু, কন্নড় কিংবা হিন্দি—এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে প্রায়ই তার উচ্চারণ, কথা বলার টান ও বিভিন্ন ভাষায় দক্ষতা নিয়ে সমালোচনা হয়।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি বলেন, কোনো নির্দিষ্ট ভাষায় হয়তো তিনি শতভাগ পারদর্শী নন। তবে মনের টান ও গল্পের প্রতি ভালোবাসা তাকে ভাষার বিভিন্ন সীমা অতিক্রম করতে সহায়তা করেছে।
রাশমিকা জানান, তিনি কোডাভা সম্প্রদায়ের মানুষ এবং তাদের ভাষা ‘কোডাভা তাক্ক’। তার মাতৃভাষার নিজস্ব কোনো চলচ্চিত্রশিল্প না থাকায় ক্যারিয়ারের শুরু থেকেই ভাষাকে বাধা হিসেবে দেখেননি তিনি। প্রতিটি ভাষাকেই নিজের মতো করে গ্রহণ করেছেন বলে জানান এই অভিনেত্রী।
তার ভাষায়, অনুরাগীরা—যাদের তিনি নিজের পরিবার মনে করেন—প্রথম তাকে তেলুগু সিনেমায় কাজের পরামর্শ দিয়েছিলেন। হিন্দি সিনেমায় পা রাখার ক্ষেত্রেও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। এভাবেই তার ক্যারিয়ারের মূল ধারা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাশমিকা।
পর্দায় কিংবা সাক্ষাৎকারে কথা বলার ধরন নিয়ে নেটিজেনদের মন্তব্য প্রসঙ্গে রাশমিকা বলেন, সমালোচনা শুনতে শুনতে তিনি এখন অভ্যস্ত। তিনি আরও জানান, সব বিষয়ে কিছুটা জানলেও কোনো বিষয়েই নিজেকে পুরোপুরি পণ্ডিত মনে করেন না। নির্দিষ্ট কোনো ভাষায় করা প্রশ্নের উত্তর দিতে পারা পর্যন্ত বিষয়টি ঠিক আছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে রাশমিকার কাজের তালিকায় যুক্ত হচ্ছে নতুন প্রকল্প। তাকে সামনে ‘রণবালী’ সিনেমায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন স্বামী বিজয় দেবরাকোন্ডা। ছবিটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

