অনলাইন ডেস্ক: বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন। এই মাইলফলক পূর্ণ করতে ইংলিশ অধিনায়ক খেলেছেন ৯৮ ম্যাচ। এ ছাড়া ফরাসি তারকা মাইকেল ওলিসের হ্যাটট্রিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
ম্যাচের ৩৯তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বায়ার্নের হয়ে শততম গোল করেন কেইন। এর আগে বুন্দেস লিগায় ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ড ছিল ডিয়েটার মুলারের। ১৯৭০ সালে এফসি কোলনের হয়ে তিনি ওই কীর্তি গড়েছিলেন। মুলারের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন কেইন।
৫৪ মিনিটে আরও একটি গোল করে বুন্দেস লিগায় নিজের গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান ৩৩ বছর বয়সী এই তারকা। বায়ার্নে যোগ দেওয়ার পর তিন মৌসুমেই কেইন দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি ২০২৪-২৫ এবং ২০২৫-২৫ বুন্দেস লিগার শিরোপা জিতেছেন।
২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর বুন্দেস লিগার প্রথম মৌসুমে ৩৬ এবং পরের মৌসুমে ২৬ গোল করেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১০০ গোল পূর্ণ করতে তিনি খেলেছিলেন ১০৪ ম্যাচে। এখন পর্যন্ত জার্মান ক্লাবটির হয়ে ১৫৪ ম্যাচে তার গোল ১৫১টি।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ১৮ মিনিটে জামাল মুসিয়ালার গোলে শুরু হয় গোল উৎসব। এরপর কেইনের গোলের পর ৪৩ মিনিটে নিজের প্রথম গোল করেন মাইকেল ওলিসে। ৭০ মিনিটে গোল করেন ইসমায়েল সাইবারিও। ৭৩ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেস লিগার শীর্ষে রয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে ফ্রেইবুর্গ ও বরুসিয়া ডর্টমুন্ড।

