Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ এড়াতে আদালতে গেলেও হতাশ হয়ে ফিরলেন রিজওয়ান

জিজ্ঞাসাবাদ এড়াতে আদালতে গেলেও হতাশ হয়ে ফিরলেন রিজওয়ান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। এনসিসিআইএ’র পদক্ষেপের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে করা তার রিট খারিজ হয়েছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে।

গত বুধবার আইনজীবীদের মাধ্যমে আদালতে রিট আবেদন করেন রিজওয়ান। আবেদনে বলা হয়, এনসিসিআইএ তাকে জিজ্ঞাসাবাদের কারণ সুনির্দিষ্টভাবে জানায়নি। এ বিষয়ে সংস্থাটির এখতিয়ার নেই বলেও দাবি করা হয়। আবেদন অনুযায়ী, বিষয়টি ছিল পাকিস্তান ক্রিকেটে কথিত অনলাইন বাজি বা জুয়া সংক্রান্ত। পরদিন লাহোর হাইকোর্টের প্রধান বিচারক আলিয়া নীলম আবেদনটি খারিজ করেন।

রিজওয়ানের আইনজীবী কাজী উমাইর আলী আদালতে বলেন, ৮ সেপ্টেম্বর জারি করা নোটিশের মাধ্যমে এনসিসিআইএ বেআইনিভাবে তাকে তলব করেছিল। নোটিশ পাওয়ার পর রিজওয়ান ও অপর ক্রিকেটার ইমাম-উল-হক ১০ সেপ্টেম্বর সংস্থাটির সামনে হাজির হন। পরে রিজওয়ান তদন্ত প্রক্রিয়া ও নোটিশকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন।

তবে বিচারপতি নীলম আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়ে রিজওয়ানের আইনজীবীকে প্রথমে এনসিসিআইএ’র নোটিশের বিষয়ে লিখিত জবাব দিতে বলেন। পরে আইনজীবী গণমাধ্যমকে জানান, নোটিশের জবাব আগেই দেওয়া হয়েছে।

রিট আবেদনে রিজওয়ানের পক্ষ থেকে দাবি করা হয়, ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট, ২০১৬’ বা ২০২৫ সালের সংশোধনী অনুযায়ী অনলাইন বাজি কোনো ‘তফসিলভুক্ত অপরাধ’ নয়। তাই তদন্তটি হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে পরিচালিত ভিত্তিহীন অনুসন্ধান বলেও আবেদনে উল্লেখ করা হয়। গ্রেপ্তার বা আটকের মতো সম্ভাব্য ‘জবরদস্তিমূলক’ পদক্ষেপের আশঙ্কায় নোটিশ বাতিল, তদন্ত বন্ধ এবং তার বিরুদ্ধে কোনো ‘প্রতিকূল’ পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়।

রিট আবেদনে আরও দাবি করা হয়েছে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর রিজওয়ানের কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। রিজওয়ানের আইনজীবীর দাবি, তাকে রাত ১টার দিকে দলের অবস্থান করা হোটেলের লবিতে তলব করা হয় এবং কোনো পূর্বনোটিশ বা কারণ না দেখিয়ে ফোনটি জব্দ করা হয়। তিন ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষে ফোন ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনো ফেরত দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram