অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টিতে ধারাবাহিক ফর্ম ধরে রেখে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। কার্ডিফে সফরকারীদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়ায় তারা ৪৭ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে। ইংলিশদের পক্ষে ২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টম ব্যান্টন। তবে বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিয়াম ডসন।
সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা এবার ৯ উইকেটে ১৪৫ রান করে। শুরুতে দুই ওপেনার প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুললেও পরে ইনিংসের গতি হারায় দলটি।
পাওয়ারপ্লের শেষ ওভারে দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার মোমেন্টাম নষ্ট করেন ডসন। এরপর মিডল অর্ডার আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে ৯০ রানের মধ্যে ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ চার ওভারে মাত্র ১২ রান করে। পাথুম নিশাঙ্কা ২১ বলে ৩৭ রান করেন। চারিথ আসালাঙ্কা করেন ৩১ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রান।
ইংল্যান্ডের হয়ে ডসন ৩২ রানে ৩ উইকেট নেন। জেমি ওভারটন পান ২ উইকেট। সনি বেকার ১৫ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৯তম ওভারে মেডেন আদায় করেন।
লক্ষ্য তাড়ায় ৪.৩ ওভারে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন জস বাটলার ও অ্যানিউরিন ডোনাল্ড। চার বলের ব্যবধানে দুজন ফেরেন যথাক্রমে ৩০ ও ২১ রানে। অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে তিন ছক্কায় ২৩ রান করেন। এরপর টম ব্যান্টন ২৪ বলে চার ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এ জয়ে গত গ্রীষ্মের শুরু থেকে খেলা সর্বশেষ ২৫টি পূর্ণাঙ্গ টি-টোয়েন্টির ২২টিতে জিতল ব্রেন্ডন ম্যাককালামের দল। তাদের জয়ের হার ৮৮ শতাংশ। সিরিজের শেষ ম্যাচ আগামী শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে।

