Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শিরোপা উদযাপনের মাঝেই এমএলএস কমিশনারের সঙ্গে মেসির উত্তপ্ত বাক্যবিনিময়

শিরোপা উদযাপনের মাঝেই এমএলএস কমিশনারের সঙ্গে মেসির উত্তপ্ত বাক্যবিনিময়

অনলাইন ডেস্ক: পেশাদার ক্যারিয়ারের ৪৯তম এবং ব্যক্তিগত সর্বোচ্চ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে প্রথমবার ক্যাম্পেওনেস ট্রফি জিতিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনের সময়ও দেখা গেছে ভিন্ন এক দৃশ্য। ট্রফি গ্রহণের আগমুহূর্তে মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান মেসি।

বৃহস্পতিবার মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারানোর পর গারবারের সঙ্গে দুবার মুখোমুখি হতে দেখা যায় মেসিকে। দুই ঘটনাতেই তাকে দৃশ্যত বিরক্ত ও ক্ষুব্ধ মনে হয়েছে। এ সময় এমএলএস কমিশনার মেসির কাছে গিয়ে কিছু বললে আর্জেন্টাইন তারকার দৃঢ় জবাব ছিল, ‘না’। তবে কী নিয়ে এই কথোপকথন, তা স্পষ্ট নয়।

সতীর্থদের সঙ্গে মঞ্চে ছবি তোলার পর নামার সময়ও গারবারের মুখোমুখি হন মেসি। তখন তিনি বলেন, ‘আমার সঙ্গে নয় (করবেন না)।’ ভিডিওর শব্দ স্পষ্ট না হওয়ায় মেসি ঠিক কী বলেছেন, তা নিশ্চিতভাবে বোঝা যায়নি।

পুরোনো বিরোধের প্রসঙ্গ

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উদযাপনের সময়ের ঘটনার কোনো ব্যাখ্যা বা কারণ প্রকাশ্যে আসেনি। তবে এর পেছনে ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচে মেসির না খেলার সিদ্ধান্তের প্রেক্ষাপট থাকতে পারে বলে তারা উল্লেখ করেছে।

ওই সময় ৩০ দিনের মধ্যে ৯টি ম্যাচ খেলার পর শারীরিক অবস্থা ঠিক রাখা এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন মেসি। এমএলএসের নিয়ম অনুযায়ী, লিগের পূর্বানুমতি ছাড়া ওই ম্যাচে অংশ না নেওয়ায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

সে সময় এমএলএস এক বিবৃতিতে জানায়, লিগের অনুমতি ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী ম্যাচে তার ক্লাবের হয়ে খেলার যোগ্যতা থাকবে না। মেসির সিদ্ধান্ত নিয়ে গারবার বলেছিলেন, ‘এটি দীর্ঘদিনের একটি নীতি। এটি কার্যকর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

২৫ বছর ধরে এমএলএস কমিশনারের দায়িত্ব পালন করা গারবার আগামী ৩১ ডিসেম্বর পদ ছাড়বেন। মেসিকে এক ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি সে সময় ‘খুবই কঠিন’ বলে উল্লেখ করেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram