অনলাইন ডেস্ক: বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের সার্বিক উন্নয়নে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তার দপ্তরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং।
বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ এবং এ খাতের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বেন ওয়াং জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক নৌযান নির্মাণ জুলং গ্রুপের মূল পরিকল্পনা। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু দেশের অভ্যন্তরীণ নৌযানের চাহিদা পূরণ নয়, বাংলাদেশে নির্মিত বিশ্বমানের জাহাজ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করাও।
চীনা প্রতিষ্ঠানটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও তা বিদেশে রপ্তানির উদ্যোগে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

