অনলাইন ডেস্ক: জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু করা যায়নি। আম্পায়াররা টসও করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হলেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
মাঠের পরিস্থিতি দেখতে আম্পায়াররা তিনবার পরিদর্শন করেন। দীর্ঘ সময় পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের বাইলজ অনুযায়ী ম্যাচ না খেলেও সেমিফাইনালে জায়গা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। বৈরী আবহাওয়া ও মাঠ খেলার উপযোগী না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।
আজ বাংলাদেশ নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপান সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করেছিল।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। নাগোয়ায় সেপ্টেম্বর বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় হওয়ায় বাংলাদেশের ম্যাচে বৃষ্টির বাধার আশঙ্কা আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে ম্যাচের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি।

