Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: ফরিদপুরে হাসান শেখ (৩৫) নামে একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া মরদেহ গুমের ঘটনায় চার আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। তবে আদালতের আদেশ অনুযায়ী, দুটি সাজা একসঙ্গে ভোগ করা যাবে। পূর্বে হাজতে থাকার সময়ও কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী ফরিদা বেগম (৩৮), ঝাউখোলা গ্রামের শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) ও চান্দু শেখ (৩০)। ফরিদা বেগম পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ মে রাত সাড়ে ১০টার দিকে শাহজাহান মাতুব্বরের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বাসিন্দা হাসান শেখ। কৃষিকাজের পাশাপাশি তিনি ফরিদপুর শিশু পার্কে অস্থায়ীভাবে কাজ করতেন। এরপর তিনি নিখোঁজ হন।

নিখোঁজের চার দিন পর ১৩ মে বিকেল ৪টার দিকে ঝাউখোলা গ্রামের আজিজ খানের আখখেত থেকে বস্তাবন্দি অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইমান উদ্দিন শেখ (৭৩) ১৪ মে ছয়জনের নাম উল্লেখ করে হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুর রহমান ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ফরিদা বেগম, শাহজাহান মাতুব্বর, ফারুক বিশ্বাস ও চান্দু শেখকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্র অনুযায়ী, ফরিদা একটি মিলে কাজ করতেন এবং তার বেতনের টাকা হাসান নিয়ে নিতেন। এ ছাড়া স্ত্রীর বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা হাসান জেনে ফেলেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অন্যদিকে শাহজাহান ও তার সহযোগীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং হাসান তাদের পুলিশে দেওয়ার ভয় দেখাতেন। অভিযোগপত্রে বলা হয়, স্ত্রীর প্ররোচণায় শাহজাহান সহযোগীদের নিয়ে হাসানকে হত্যা ও মরদেহ গুমের চেষ্টা করেন।

বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম আজিজুর রহমান বিকু বলেন, এসব কারণে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—আদালতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram