অনলাইন ডেস্ক: নারী এশিয়া কাপে নিগার সুলতানা জ্যোতির দলের ব্যর্থতার পর নড়েচড়ে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং স্টাফে পরিবর্তনের অংশ হিসেবে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। একই সঙ্গে বর্তমান ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীকে নিয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
সদ্য শেষ হওয়া আসরে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ব্যর্থতা নতুন করে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীও সমালোচনার মুখে পড়েছেন বলে জানা গেছে।
বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন এশিয়ান গেমসে ফারুকীর অধীনে ব্যাটাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ব্যাটিং কোচকে এ বিষয়ে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
বর্তমানে এশিয়ান গেমস অভিযানে রয়েছে নারী দল। এশিয়া কাপে খেলা একই দল নিয়ে তারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এশিয়ান গেমস শেষে নারী দলের প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্প দায়িত্ব নেবেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি দায়িত্ব বুঝে নেবেন। ব্যাটারদের নিয়ে হেম্প কাজ করবেন বলেও জানা গেছে।
এ ছাড়া অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ নারী দলের সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে গোলাম মুর্তাজা যেতে পারেন।

