অনলাইন ডেস্ক: টানা তিন বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর এবার আইপিএলের নিলাম ভারতে ফিরছে। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নিলামের নির্দিষ্ট ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের মাটিতে সর্বশেষ আইপিএল নিলাম হয়েছিল ২০২৩ সালে কোচিতে। এরপর দুবাই, জেদ্দা ও আবুধাবিতে টানা তিনটি নিলাম অনুষ্ঠিত হয়। এবার ২০২৭ আসরের মিনি-নিলাম আবার ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতও সিদ্ধান্তটিতে প্রভাব ফেলেছে। বিদেশে মিনি-নিলাম আয়োজন করলে বড় প্রতিনিধিদলের যাতায়াত, থাকা ও অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হয় বলে দলগুলো আপত্তি জানিয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের কোনো শহরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নিলামের স্থান এখনো নির্ধারিত হয়নি। ভেন্যু বাছাইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় ওই সময়ে পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনা করছে বিসিসিআই।
নিলামটি মিনি-নিলাম হওয়ায় ক্রিকবাজের প্রতিবেদনে ডিসেম্বরের মাঝামাঝি আয়োজনের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। একই প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৮ সালের মেগা নিলাম আবার ভারতের বাইরে আয়োজন করা হতে পারে।
এদিকে, আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বৈঠক হবে। এরপর নিয়মটি বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

