অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যকরভাবে চালানো যাচ্ছে না। তাই প্রথমে সোলার প্যানেল, এরপর মাল্টিমিডিয়া ক্লাস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং কলেজগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।
তিনি জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা ও সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, গানবাজনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
আধুনিক শিক্ষার সহায়ক উপকরণ সরবরাহের বিষয়ে সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসসহ আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে। বিদ্যুতের ব্যাকআপ নিশ্চিত করে মাল্টিমিডিয়া ক্লাস চালু রাখতে সোলার প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবদুল খালেক বলেন, গত ১৫ বছরে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও অনেকগুলো এখন কার্যকর নেই। দীর্ঘদিন পড়ে থাকায় কিছু সরঞ্জাম অকেজো হয়ে যাচ্ছে। তাই অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

