অনলাইন ডেস্ক: পিরোজপুর সদর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা ও রোগীদের খাবারের মান সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা কমিটির সভা শেষে রাতে তারা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। রোগীরা নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসা নিতে কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে তারা খোঁজ নেন।
পরে রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করেন তারা। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কি না, তা-ও পর্যবেক্ষণ করেন দুই প্রতিমন্ত্রী।
এ ছাড়া সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন তারা। ভবনটির নিচতলায় জরুরি বিভাগ চালুর কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, নতুন ভবনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভবনটি পুরোপুরি চালু হলে পিরোজপুরের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আরও সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন দুই প্রতিমন্ত্রী। রোগীদের খাবার সরবরাহে অনিয়ম ঠেকাতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।

