অনলাইন ডেস্ক: চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরে তিক্ত অভিজ্ঞতার কারণে তাড়াহুড়ো করে এবার আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে না বোর্ড।
সবকিছু নতুন করে গুছিয়ে বিপিএল ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। চলতি বছর টুর্নামেন্ট না হওয়ায় আগামী বছরের নভেম্বর স্লটে বিপিএল আয়োজনের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসও সম্ভাব্য সময় হিসেবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।
বিপিএলকে আরও আকর্ষণীয় করতে কিছুটা সময় নিতে চায় বিসিবি। এ কারণেই নতুন স্লট নিয়ে ভাবা হচ্ছে। এর আগে বিপিএল আয়োজনের মান উন্নত করতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি করেছিল।
আগামী আসর কীভাবে আয়োজন করা হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে নাকি নতুন নিজস্ব ব্যবস্থাপনা দল গঠন করা হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের বাইরের সফল বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএলে যুক্ত করার বিষয়েও আলোচনা রয়েছে।
বিপিএলের সময়সূচি, ব্যবস্থাপনা, পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ও সামগ্রিক আয়োজন আরও গোছানো করে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক ও দর্শকবান্ধব লিগ হিসেবে গড়ে তোলাই এখন বিসিবির মূল লক্ষ্য।

