অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ও দেশ ভালো নেই। তাঁর দাবি, বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বলে জানান শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। তিনি কবরের পাশে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকে মাদরাসা মাঠে মানুষ জড়ো হন। গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে অভ্যর্থনা জানান এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

