Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

অনলাইন ডেস্ক: রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম এখনো চড়া। বিশেষ করে ভোজ্যতেল, মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। কোথাও কোথাও মুরগি ও মাছের দামও বেড়েছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও সরবরাহ-সংকট কাটেনি। ফলে বাড়তি দামের পাশাপাশি পণ্য না পাওয়ার ভোগান্তিও রয়েছে ক্রেতাদের।

শনিবার ঢাকার মুগদা, মানিকনগর, কমলাপুর, খিলগাঁও ও বাসাবো এলাকার বাজার ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের এক ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগস্টের শুরুতে দাম বাড়ার পর ডিমের দাম আর আগের অবস্থায় ফেরেনি। এর আগে এক ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১৯০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা।

সোনালি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে ৩৪০ থেকে ৩৬০ টাকায় উঠেছে। আগে এ মুরগির দাম ছিল কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, গত কয়েক মাসের বন্যা, অতিবৃষ্টি ও অতিরিক্ত গরমে অনেক খামারে মুরগি মারা গেছে। পরে অনেক খামারি নতুন করে মুরগি পালন শুরু করেননি। সাম্প্রতিক লোডশেডিংয়েও উৎপাদন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমে দাম বেড়েছে। মুরগির সংখ্যা কমে যাওয়ায় ডিমের উৎপাদনও কমেছে বলে তারা জানান।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান বলেন, মুরগি ও ডিমের মূল্য জোগান ও চাহিদার ওপর নির্ভর করে। তাঁর ভাষ্য, সাম্প্রতিক বন্যায় দেশের অসংখ্য লেয়ার খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক খামারির মুরগি ও ডিম ভেসে গেছে। এতে বাজারে জোগানের ঘাটতি তৈরি হয়ে দাম বেড়েছে।

মাছের বাজারেও দাম বেড়েছে। রুই, কাতলা, পাবদা, তেলাপিয়া ও পাঙাশের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা বেশি। চাষের পাঙাশ আকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আড়াই থেকে তিন কেজি ওজনের রুইয়ের দাম কেজি ৪০০ টাকা এবং কাতলা ৪২০ টাকা।

রাজধানীতে গরুর মাংস কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিয়মিত মাছ-মাংস কেনা কঠিন হয়ে পড়ছে।

দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট

গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে। ফলে এক লিটার তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। তবে দাম বাড়ানোর পরও রাজধানীর অনেক খুচরা দোকানে পর্যাপ্ত বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, অর্ডার দেওয়ার পরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে।

মানিকনগর পুকুরপাড়ের মুদি দোকানি রফিকুল ইসলাম বলেন, অর্ডার দেওয়ার পরও কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাঁর দোকানে কোনো বোতলজাত সয়াবিন তেল নেই। ফলে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হচ্ছে; কেউ কেউ বাধ্য হয়ে খোলা তেল কিনছেন।

বাজারে কিছু পণ্যে তুলনামূলক স্বস্তি থাকলেও মাছ, মুরগি, ডিম ও তেলের বাড়তি দাম সামগ্রিক বাজারে চাপ তৈরি করেছে। অনেক ক্রেতা প্রয়োজনীয় পণ্যের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। বিশেষ করে কম আয়ের মানুষ খাদ্যতালিকায় মাছ, মাংস ও ডিমসহ দাম বেড়ে যাওয়া পণ্যের পরিমাণ কমিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram