Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

অনলাইন ডেস্ক: ইতালির তুরিন শহরের ক্যাসেল বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে মমি করা একটি কুমিরের মাথা উদ্ধার করেছে দেশটির ফাইন্যান্সিয়াল পুলিশ ও শুল্ক বিভাগ। সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ অবৈধভাবে বহনের অভিযোগে ওই ইতালীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ছুটি কাটিয়ে ইস্তাম্বুল হয়ে তুরিনে পৌঁছান। কাস্টমস ও নিরাপত্তা তল্লাশি এড়াতে কুমিরের মাথাটি শুকিয়ে সাধারণ কাগজে মুড়িয়ে লাগেজে রাখা হয়েছিল বলে জানানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে তুরিন বিমানবন্দরে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতর থেকে কুমিরের মমি করা মাথাটি উদ্ধার করে কর্তৃপক্ষ এবং পরে সেটি জব্দ করা হয়।

ইতালীয় অর্থ ও শুল্ক পুলিশ জানিয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া সংরক্ষিত বন্যপ্রাণী বা এর দেহাংশ আমদানির অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ২০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ ইউরো জরিমানা অথবা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বন্যপ্রাণীর দেহাংশ পরিবহনে অনুমতি প্রয়োজন

১৯৭৩ সালে স্বাক্ষরিত ওয়াশিংটন কনভেনশন বা সাইটিসের আওতায় বিভিন্ন বিপন্ন ও সংরক্ষিত বন্যপ্রাণীর আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা হয়। অনুমোদন ছাড়া এসব প্রাণী বা তাদের দেহাংশ এক দেশ থেকে অন্য দেশে নেওয়া আইনত দণ্ডনীয়।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ইতালিতে বিদেশি পশুপাখির অবৈধ বাণিজ্যের সঙ্গে সংগঠিত অপরাধী চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন স্যুভেনির দোকানে শুকনো কুমিরের মাথা বিক্রি হতে দেখা যায়। পর্যটকেরা এগুলো স্মারক বা উপহার হিসেবে কিনে থাকেন। তবে প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র ছাড়া এসব বন্যপ্রাণীর দেহাংশ আন্তর্জাতিকভাবে পরিবহন করলে তা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram