অনলাইন ডেস্ক: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
শনিবার সকাল ৯টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রোভার স্কাউট দলের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণে আত্রাই পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।

