Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন
রামু সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ

নামের সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের দাবি

নামের সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের দাবি

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের রামু সাব-রেজিস্ট্রি অফিসে জমি ও দলিল নিবন্ধনকে কেন্দ্র করে ঘুষ, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি ফির বাইরে দলিলপ্রতি অতিরিক্ত অর্থ আদায়, সামান্য ভুল-ত্রুটিকে কারণ দেখিয়ে দলিল আটকে রাখা এবং পরে অর্থের বিনিময়ে তা নিবন্ধনের অভিযোগ করেছেন সেবাগ্রহীতা, দলিল লেখক ও স্থানীয়রা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন রামু সাব-রেজিস্ট্রার সাহেদ হোসেন চৌধুরী ও অফিসের মোহরার নন্দরাম দাশ। তবে দুজনই তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

সামান্য ভুলে আটকে দলিল, পরে ১৫ হাজার টাকায় নিবন্ধন

রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি এক আত্মীয়ের জমি নিবন্ধনের সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর অভিযোগ, জমির খতিয়ানে জমিদাতার বাবার নাম ‘নাছির’-এর পরিবর্তে ‘নাদির’ লেখা থাকায় দলিল নিবন্ধন আটকে দেওয়া হয়।

পরে ১৫ হাজার টাকা দেওয়ার পর দলিলটি নিবন্ধন করা হয় বলে দাবি করেন তিনি।

লোকমানুল হক বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর অভিযোগ, বিভিন্ন অজুহাতে প্রতিদিনই সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এ কাজে অফিসের মোহরার নন্দরাম দাশের ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।

দলিলপ্রতি ‘অফিস খরচ’!

ভুক্তভোগী, দলিল লেখক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকারি ফির বাইরে ‘অফিস খরচ’ নামে অতিরিক্ত অর্থ আদায়ের একটি অলিখিত ব্যবস্থা চালু রয়েছে।

তাঁদের অভিযোগ, ১০ লাখ টাকার কম মূল্যের দলিলে প্রতি লাখে ১ হাজার টাকা এবং ১০ লাখ টাকার বেশি মূল্যের দলিলে প্রতি লাখে ৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

শুধু অর্থের এই কথিত হারই নয়, নামের বানানগত অমিল, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সামান্য পার্থক্য, ‘ওরফে’ বা ‘প্রকাশ’ শব্দের ব্যবহারসহ বিভিন্ন ছোটখাটো বিষয়কে কেন্দ্র করেও সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে।

গত ১৭ জুন কয়েকজন স্থানীয় সাংবাদিক সংবাদ সংগ্রহে গেলে তাঁদের উপস্থিতিতেই একাধিক সেবাগ্রহীতা এসব অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা খোরশেদ জুয়েল চৌধুরী অভিযোগ করেন, কয়েক মাস আগে তাঁর আত্মীয়দের জমি নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রে নামের সামান্য অমিল দেখিয়ে দলিল আটকে দেওয়া হয়েছিল। পরে অর্থ লেনদেনের মাধ্যমে সেটি নিবন্ধন করা হয়।

তাঁর আরও দাবি, এর আগে তাঁর এক চাচাতো ভাইয়ের জমি নিবন্ধনের ক্ষেত্রেও প্রায় এক লাখ টাকা ঘুষ দিতে হয়েছিল।

স্থানীয় সাংবাদিক সোয়েব সাঈদের অভিযোগ, তাঁর গ্রামের এক অসহায় নারী ছেলের নামে অল্প পরিমাণ জমি দানপত্র করতে গেলে নানা অজুহাতে নিবন্ধন করা হয়নি। তাঁর দাবি, সেখানে ঘুষ নেওয়ার সুযোগ না থাকায় দলিলটি করা হয়নি।

‘অপ্রয়োজনীয় শর্তে’ বাড়ছে ভোগান্তি

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক অভিযোগ করেন, বর্তমান সাব-রেজিস্ট্রার দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসে হয়রানি ও ঘুষ আদায়ের প্রবণতা বেড়েছে।

তাঁদের দাবি, অন্য অনেক সাব-রেজিস্ট্রি অফিসে যে শর্তগুলো নেই, রামু অফিসে সেগুলোও সেবাগ্রহীতাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে মানুষকে নানা জটিলতার মধ্যে ফেলে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর ধরে ভিটে শ্রেণির জমিতে স্থাপনা না থাকলেও স্থাপনা দেখিয়ে জমির মূল্য নির্ধারণ করা হচ্ছে। এতে জমির দামের পাশাপাশি কথিত স্থাপনার মূল্যও যুক্ত হচ্ছে।

এ ছাড়া হেবা, দানপত্র, জীবনস্বত্ব দলিল এবং একাধিক দাগের জমি নিবন্ধনের ক্ষেত্রেও অপ্রয়োজনীয় জটিলতা তৈরির অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সপ্তাহে তিন দিন অফিস করার অভিযোগ

সাব-রেজিস্ট্রারের কর্মস্থলে উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন।

তাঁদের অভিযোগ, সপ্তাহে পাঁচ কর্মদিবসের পরিবর্তে সাহেদ হোসেন চৌধুরী মাত্র তিন দিন অফিস করেন। তিনি চট্টগ্রাম থেকে এসে দায়িত্ব পালন করেন বলেও দাবি তাঁদের।

তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

১১ মাসে রাজস্ব প্রায় ২১ কোটি টাকা

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ১১ মাসে রামু সাব-রেজিস্ট্রি অফিসে ৩ হাজার ৫৫৮টি দলিল নিবন্ধন হয়েছে। এসব দলিল থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

অভিযোগকারীদের দাবি, একই সময়ে সরকারি ফির বাইরে আদায় করা কথিত অর্থের পরিমাণও উল্লেখযোগ্য। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার মোহরার ও সাব-রেজিস্ট্রারের

ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মোহরার নন্দরাম দাশ। তিনি বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। আমি কোনোদিন টাকা ধরি না, কাউকে টাকার কথাও বলি না।’

তবে সাংবাদিকদের উপস্থিতিতে এক ভুক্তভোগী ফাইল আটকে রেখে অর্থ নেওয়ার অভিযোগ করলে নন্দরাম দাশ বলেন, ‘আপনি আমাকে বলেছিলেন, তাই আমি সেবা দিয়েছি।’

অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার সাহেদ হোসেন চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুনির্দিষ্ট নয় এবং সত্যও নয়। কে কাকে টাকা দিয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।

তদন্তের দাবি

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মো. আলম বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অভিযোগগুলো পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে।

জেলা রেজিস্ট্রার মো. রেজাউল করিম বকসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর কার্যালয়ের প্রধান সহকারী মো. জহিরুল ইসলাম জানান, জেলা রেজিস্ট্রার সরকারি কাজে ঢাকায় রয়েছেন।

তিনি বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবায় ঘুষ ও হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram