Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন
মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর ‘দাপট’

নামজারিতে ৮-১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, নথি জালিয়াতিরও অভিযোগ

নামজারিতে ৮-১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, নথি জালিয়াতিরও অভিযোগ

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসে (তহসিল অফিস) অফিস সহায়ক রিনা রানী দেবনাথের বিরুদ্ধে ঘুষ লেনদেন, নথি জালিয়াতি ও নামজারি নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে ১৬টি মৌজার সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি রংপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রিনা রানী দেবনাথের বিরুদ্ধে সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়, ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি গোপন রাখা, ভুয়া নোটিশ দেওয়া এবং ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নামজারিতে সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি

অভিযোগপত্রে বলা হয়েছে, নামজারির জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা হলেও সেবাগ্রহীতাদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এর বাইরে ফাইল প্রসেসিংয়ের নামে আরও ১ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ভূমি উন্নয়ন কর বাবদ ২ হাজার টাকা নেওয়ার পর মাত্র ৫২ টাকার রসিদ দেওয়ার অভিযোগও করা হয়েছে। সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের পাশাপাশি ভুয়া নোটিশ জারি এবং অর্থের বিনিময়ে অফিসের গোপনীয় নথি সরবরাহের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সিএস, এসএ ও আরএস খতিয়ানের মূল ভলিউম বই ইচ্ছাকৃতভাবে আড়ালে রেখে পরে অর্থের বিনিময়ে সেগুলো দেখানো বা সরবরাহ করা হয়। পাশাপাশি ভূমি-সংক্রান্ত দলিলের কাজের জন্য নিজের স্বামীর মাধ্যমে কাজ করাতে সেবাগ্রহীতাদের চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।

‘১৩ বছর ধরে একই টেবিলে’

অভিযোগকারী রফিকুল ইসলাম বলেন, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাঁর দাবি, রিনা রানী দীর্ঘদিন একই অফিসে কর্মরত থাকায় সেখানে তাঁর ব্যাপক প্রভাব তৈরি হয়েছে।

রফিকুল বলেন, তাঁর কাছ থেকেও বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে রিনা রানীকে দ্রুত অন্যত্র বদলি এবং প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার রিনা রানীর

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রিনা রানী দেবনাথ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁকে মির্জাপুর ভূমি অফিস থেকে সরানোর জন্য একটি মহুরি চক্রের মাধ্যমে এসব অভিযোগ ও লেখালেখি করা হচ্ছে।

তিনি দাবি করেন, তিনি অভিযোগকারী রফিকুল ইসলামকে চেনেন না। একই অফিসে তাঁর চাকরির মেয়াদ নিয়েও অভিযোগে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রিনা রানী নিজেকে নির্দোষ দাবি করেন।

তদন্তের আশ্বাস প্রশাসনের

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তিনি অবগত নন। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ তাঁর কার্যালয়ে গ্রহণ করা হয়েছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram