অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে পাঠ্যবই দেখে উত্তর লেখার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় সাংবাদিকদের মারধর, মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষার হলে বই দেখে লেখার ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন।
সাংবাদিক রাব্বি ও তারেক অভিযোগ করেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বই দেখে লেখার সুযোগ দেয়ার খবরে তারা কেন্দ্রে গিয়েছিলেন। শিক্ষকদের সামনে পরীক্ষার্থীরা পাঠ্যবই খুলে উত্তর লিখছিলেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করতে গেলেই কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ অন্যরা তাদের ওপর হামলা চালান ও আটকে রাখেন।
তবে অভিযুক্ত শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন, ওই দুই সাংবাদিক পরীক্ষার আগেই তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন এবং টাকা না দিলে সংবাদের হুমকি দেন। চাঁদা না পেয়ে তারা কেন্দ্রে এসে ভিডিও শুরু করেন বলে শিক্ষক দাবি করলেও সাংবাদিক তারেক হোসেন চাঁদা দাবির এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
সাংবাদিক রাব্বি ও তারেক দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাব্বী আহমেদ বাদী হয়ে গাংনী থানায় মামলা করেছেন।
সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা প্রকাশ করছি।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার কারণ কী এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেয়া হয়েছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

