অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জন ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্বে থেকে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে অর্জিত অর্থের একটি অংশ রাজধানীর অভিজাত এলাকায় জমি ও ফ্ল্যাট কেনায় বিনিয়োগ করেছেন তিনি।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর লালমাটিয়ার ব্লক-এ এলাকার ৬/৪ ও ৬/১১ নম্বরের মমনেট বিল্ডিংয়ের চতুর্থ তলায় প্রায় ১ হাজার ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন মো. মুসা। এর বর্তমান মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানা গেছে।
সরকারি চাকরিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে তার বৈধ আয় ও এত মূল্যের ফ্ল্যাট কেনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে মুসার দাবি, ব্যাংকঋণ নিয়ে তিনি ফ্ল্যাটটি কিনেছেন।
দুই বছরে টেন্ডার ও প্রকল্পে অনিয়মের অভিযোগ
২০২৪ সালের ১ আগস্ট রংপুর এলজিইডিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গ্রামীণ সড়ক সংস্কার, সেতু নির্মাণ ও সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।
ঠিকাদারদের একটি অংশের অভিযোগ, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে একটি প্রভাবশালী চক্র সক্রিয়। কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রকল্পমূল্যের ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে। রংপুর অঞ্চলের বিভিন্ন প্রকল্পে মুসার বিরুদ্ধে এ ধরনের কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে ঠিকাদারদের মধ্যে আলোচনা রয়েছে।
তবে এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট প্রকল্পের নথি বা নিরীক্ষা প্রতিবেদনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
পলাশবাড়ীর সড়ক প্রকল্পেও অভিযোগ
২০২৫ সালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ থেকে হরিনাবাড়ী বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। প্রকল্পের কাজের মান, বাস্তবায়ন ও প্রকৌশলগত তদারকি নিয়ে প্রশ্ন তোলা হয়।
অভিযোগ রয়েছে, তৎকালীন রংপুর বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মুসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও প্রকল্পটি যথাযথভাবে যাচাই কিংবা বিল আটকে রাখার উদ্যোগ নেওয়া হয়নি। বরং নিরীক্ষা শেষ হওয়ার আগেই বিল পরিশোধ করা হয় বলে অভিযোগ রয়েছে।
সাবেক প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠতার অভিযোগ
এলজিইডিতে কর্মরত অবস্থায় মুসা সাবেক প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালে আলী আখতার হোসেন প্রধান প্রকৌশলী থাকাকালে মুসা তার অধীনে সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে রংপুরে দায়িত্ব পান মুসা। এর আগে তিনি মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ে বড় অঙ্কের অর্থ লেনদেনে তার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে সাবেক প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ না করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলছে। ওই তদন্তের সঙ্গে মুসার সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে তার বিরুদ্ধে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিয়োগ-বদলি নিয়েও অভিযোগ
মুসার বিরুদ্ধে এলজিইডিতে নিয়োগ, বদলি এবং কমিশন বাণিজ্যে সাবেক প্রধান প্রকৌশলীর হয়ে কাজ করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, তৎকালীন প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার সুযোগ পেয়েছেন।
‘ব্যাংকঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি’
লালমাটিয়ায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কেনার বিষয়ে জানতে চাইলে মো. মুসা বলেন, তিনি ব্যাংকঋণের মাধ্যমে ফ্ল্যাটটি কিনেছেন। তবে কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণের পরিমাণ কত কিংবা ঋণটি কার নামে—এসব বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।
তার বিরুদ্ধে ওঠা টেন্ডার, প্রকল্পের বিল এবং কমিশন বাণিজ্যসহ অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি। পরে হোয়াটসঅ্যাপে একাধিক প্রশ্ন পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি।
সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, সম্পদ বিবরণী, ব্যাংকঋণের তথ্য এবং বিল-ভাউচার পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

