লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে একটি ভুয়া ছবি তৈরি করে স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নামে অপপ্রচারের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার ঢাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়৷ বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ফারুক উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্থানীয় মাছিমপুর এলাকার আব্দুল হাই’র ছেলে।
মামলা সূত্র ও স্থানীয় সূত্র জানায়, একটি বিছানায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিমসহ ৩ জন বসে ছিলেন। এ ছবিটি এআইয়ের মাধ্যমে বিতর্কিত রূপ (একটি ট্রেতে দুই বোতল মদ সাজানো) দেওয়া হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে রামগঞ্জসহ দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে প্রকৃত ছবিতে এমপি সেলিমসহ তিনজন বসা থাকলেও মদের বোতল ছিল না। ইতোমধ্যে রিউমার স্ক্যানারেও বিষয়টি প্রমাণিত হয়। এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে ৭ জুলাই সাইবার সুরক্ষা আইনে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

