Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অটোরিকশার চার্জেই প্রতিদিন খরচ কোটি টাকার বিদ্যুৎ

অটোরিকশার চার্জেই প্রতিদিন খরচ কোটি টাকার বিদ্যুৎ

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর সড়কে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা ও রিকশার সংখ্যা বেড়েই চলেছে। এসব যানবাহনের নির্দিষ্ট প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স কিংবা কার্যকর অনুমোদনের বাধ্যবাধকতা না থাকায় নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে হাজার হাজার অটোরিকশা ও রিকশার ব্যাটারি চার্জ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের কারণে নগরের বিদ্যুৎ ব্যবস্থায় বাড়ছে চাপ।

নগরীতে বর্তমানে কতটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই কোনো সরকারি দপ্তরের কাছে। তবে মহানগর ট্রাফিক পুলিশের ধারণা, নগরে হলুদ অটোরিকশা রয়েছে প্রায় ৩০ হাজার এবং ব্যাটারিচালিত রিকশা প্রায় ৪০ হাজার।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এর আগে ৭ হাজার ৬১০টি হলুদ অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে এসব অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে অনুমোদন নবায়নও করা হয়নি।

দিনে ৭ লাখ ইউনিট বিদ্যুৎ

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় একবার ব্যাটারি চার্জ দিতে গড়ে ১০ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। অনেক চালক দিনে দুইবার পর্যন্ত ব্যাটারি চার্জ করেন। সে হিসাবে একটি অটোরিকশায় দৈনিক প্রায় ২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।

তবে একটি অটোরিকশায় দিনে একবার চার্জ ধরা হলেও ৭০ হাজার ব্যাটারিচালিত যানবাহনে প্রতিদিন প্রায় ৭ লাখ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪ টাকা ৫০ পয়সা হিসাবে এর আর্থিক মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

অর্থাৎ শুধু অটোরিকশার ব্যাটারি চার্জেই প্রতিদিন বিপুল অর্থের বিদ্যুৎ খরচ হচ্ছে। দিনে দুইবার চার্জের হিসাব ধরলে এই ব্যয় আরও অনেক বেড়ে যায়।

চার্জিং গ্যারেজের সঠিক হিসাব নেই

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, নগরে কোথায় কতটি ব্যাটারি চার্জিং গ্যারেজ রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব তাদের কাছে নেই। শুধু গ্যারেজেই নয়, বিভিন্ন বাসাবাড়িতেও ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তাঁর আওতাধীন এলাকায় চার্জিং গ্যারেজের প্রকৃত সংখ্যা জানা নেই। আবাসিক বাড়িতেও অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, নগরে ১২৭টি ব্যাটারি চার্জিং গ্যারেজে বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে বাণিজ্যিক মিটার ছাড়া গ্যারেজ রয়েছে প্রায় ২০০টি।

আবাসিক সংযোগে চার্জ, কোথাও ‘হুক’

অভিযোগ রয়েছে, অনেক গ্যারেজে বাণিজ্যিক সংযোগের পরিবর্তে আবাসিক মিটার ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। কোথাও আবার বিদ্যুতের মূল লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার অভিযোগও রয়েছে।

স্টেডিয়াম কলোনির এক গ্যারেজ মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য মাসে ১০ হাজার টাকা দিতে হয়। আবাসিক মিটার ব্যবহার করেই বেশি সংখ্যক অটোরিকশা চার্জ দেওয়া যায় বলেও দাবি করেন তিনি।

বিসিক এলাকার আরেক গ্যারেজ মালিক বলেন, রাত ১টার পর মূল লাইনে হুক লাগিয়ে বিদ্যুৎ নেওয়া হয়। এতে বিদ্যুতের খরচ কমে। মিটার রিডারকেও মাঝেমধ্যে টাকা দিতে হয় বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

ছয় মাসে ৬৮১ মামলা

ওজোপাডিকো বলছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত ছয় মাসে পরিচালিত অভিযানে ৬৮১টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে তিনজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, বরিশাল নগরীর আয়তনের তুলনায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক বেশি। দেশের অন্য কোনো শহরে নগরীর আয়তনের তুলনায় এত অটোরিকশা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোথাও ব্যাটারিচালিত যান চার্জ দেওয়ার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিয়ন্ত্রণহীন যান, বাড়ছে বিদ্যুতের চাপ

ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বাড়লেও এগুলোর নিবন্ধন, অনুমোদন ও চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। ফলে একদিকে নগরের সড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে ব্যাটারি চার্জ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপরও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

বিদ্যুৎ বিভাগের হিসাবে, শুধু একবার চার্জের হিসাবেই এসব যানবাহনে প্রতিদিন প্রায় ৭ লাখ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বাস্তবে অনেক যান দিনে দুইবার চার্জ হওয়ায় বিদ্যুতের ব্যবহার ও আর্থিক ব্যয় আরও বেশি হতে পারে।

এ অবস্থায় ব্যাটারিচালিত যানবাহনের প্রকৃত সংখ্যা নির্ধারণ, চার্জিং গ্যারেজের নিবন্ধন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram