Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মাদক না পেলেও ডিজিটাল তথ্যে অপরাধী, উঠছে প্রশ্ন

মাদক না পেলেও ডিজিটাল তথ্যে অপরাধী, উঠছে প্রশ্ন

অনলাইন ডেস্ক: অনলাইনকেন্দ্রিক মাদক কারবার ঠেকাতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনে সাইবার স্পেসে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, যোগাযোগ এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মাদক কারবারকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে সঙ্গে মাদক না পাওয়া গেলেও শুধু ডিজিটাল ডিভাইসের তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী সাব্যস্ত করার সুযোগ নিয়ে উঠেছে প্রশ্ন।

সংশোধিত আইনে এসব অপরাধে যেকোনো মেয়াদের কারাদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ডিএনসিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা ও ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের কথা বলা হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, প্রযুক্তির অপব্যবহার করে কারও অজান্তে তার অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং ব্যবহার, ভুয়া চ্যাট তৈরি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভয়েস ক্লোন করে কাউকে ফাঁসানো সম্ভব। আবার মাদক কারবারিরা সাংকেতিক ভাষায় যোগাযোগ করায় সাধারণ কথোপকথনকেও ভুলভাবে মাদক লেনদেন হিসেবে ব্যাখ্যা করার আশঙ্কা রয়েছে।

ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকে নিশ্চিত প্রমাণের ভিত্তিতেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। আইন অপব্যবহারের সুযোগ নেই। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসির কর্মকর্তারা বলছেন, ডিজিটাল কথোপকথনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা উচিত নয়। এ ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন।

নতুন আইনে ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক কারবার ঠেকানোরও সুযোগ রাখা হয়েছে। দেশে এ ধরনের অন্তত তিনটি ঘটনা শনাক্ত করেছে ডিএনসি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাইবার ক্রাইম শাখা ও ফরেনসিক ল্যাব স্থাপনের পরও প্রযুক্তিনির্ভর মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সহজ হবে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তাঁর দাবি, একটি গবেষণায় দেখা গেছে মাদক-সংক্রান্ত মামলার প্রায় ৪০ শতাংশ ভুয়া। তাই ডিজিটাল তথ্যের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত না হলে নিরপরাধ ব্যক্তির হয়রানির আশঙ্কা থেকেই যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram