Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চার বছরের বেশি সময় ধরে ঝুলছে ১৯০ হত্যা মামলা\

চার বছরের বেশি সময় ধরে ঝুলছে ১৯০ হত্যা মামলা

অনলাইন ডেস্ক: দেশে চার বছরের বেশি সময় ধরে তদন্তাধীন রয়েছে ১৯০টি হত্যা মামলা। দীর্ঘসূত্রতায় এসব মামলার তদন্তে যেমন অগ্রগতি ব্যাহত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ আলামত, বদলে যাচ্ছে ঘটনাস্থলের চিত্র এবং হারিয়ে যাচ্ছে সাক্ষী। ফলে বিচার পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নিহতদের স্বজনরা।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ১ আগস্ট পর্যন্ত দেশে তদন্তাধীন হত্যা মামলার সংখ্যা ৪ হাজার ৯৩৪টি। এর মধ্যে চার বছরের বেশি সময় ধরে তদন্তাধীন ১৯০টি, তিন থেকে চার বছর ১১৮টি, দুই থেকে তিন বছর ২১২টি, এক থেকে দুই বছর ১ হাজার ৫৮৯টি এবং এক বছরের মধ্যে তদন্তাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি মামলা।

সংশ্লিষ্টরা বলছেন, ক্লুলেস হত্যা, আলামতের ঘাটতি, সাক্ষী না পাওয়া, তদন্ত কর্মকর্তা পরিবর্তন, ফরেনসিক ও ময়নাতদন্ত প্রতিবেদন পেতে বিলম্ব এবং আসামিদের পলাতক থাকার কারণে অনেক মামলার তদন্ত দীর্ঘায়িত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার গাফিলতিও রয়েছে।

২০১২ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর হাজারীবাগে বাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসনিম রহমান করবীকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়। প্রায় ১৪ বছরেও এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা জড়িতদের শনাক্ত করা যায়নি। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে মামলাটির তদন্ত স্থগিত রয়েছে।

একইভাবে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডেরও ১৪ বছরের বেশি সময় পেরিয়েছে। থানা পুলিশ, ডিবি ও র‌্যাবের পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই। তবে এখনো হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

নরসিংদীর গৃহবধূ মানসুরা আক্তার ইতিকে ২০২২ সালের ২৮ জানুয়ারি গলা কেটে হত্যা করা হয়। সাড়ে চার বছরেও এ হত্যারহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু ইউছুফ বলেন, অনেক হত্যাকাণ্ডের কোনো ক্লু থাকে না। প্রধান আসামি বিদেশে পালিয়ে গেলে বা ছদ্মবেশে আত্মগোপনে থাকলেও তদন্তে সময় লাগে। উচ্চ আদালতের স্থগিতাদেশসহ নানা কারণেও কিছু মামলা দীর্ঘায়িত হয়।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ.এইচ.এম. শাহাদাত হোসাইন বলেন, সাক্ষীর অনুপস্থিতি, আসামি পলাতক থাকা, আলামত সংগ্রহ ও পরীক্ষার সময় এবং বিচারিক প্রক্রিয়াসহ বিভিন্ন কারণে মামলা দীর্ঘ হয়। পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যায় জড়িত ব্যক্তি, নির্দেশদাতা বা সুবিধাভোগীদের শনাক্ত করা না গেলে ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সময়ের সঙ্গে আলামত নষ্ট হওয়া এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কারণে তদন্তের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে।
তথ্য সূত্র: সমকাল

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram