Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুদকের দুই কমিশনারের দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

দুদকের দুই কমিশনারের দায়িত্ব বণ্টন

রফিকুল হুদা বাবু: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত দুই কমিশনারের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খানকে তদন্ত ও মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দেখবেন অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই ও অনুসন্ধানসংক্রান্ত কার্যক্রম।

বুধবার (১৯ আগস্ট) দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা এক আদেশে দুই কমিশনারের দায়িত্ব নির্ধারণ করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে বলা হয়েছে, দুদক আইন, ২০০৪-এর ধারা ১২(২)-এর বিধান অনুযায়ী নবনিযুক্ত দুই কমিশনারের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দায়িত্ব অনুযায়ী, কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান তদন্ত, সাক্ষ্য-স্মারক, তদন্ত প্রতিবেদনসহ যাবতীয় মামলা পরিচালনা করবেন। একই সঙ্গে আপিল মামলা এবং ফাঁদ মামলা-সংক্রান্ত কার্যক্রমও তার দায়িত্বের মধ্যে থাকবে।

অন্যদিকে, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদকের তফসিলভুক্ত অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই, অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত পর্যন্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা, অবরুদ্ধকরণ ও ক্রোকসহ সংশ্লিষ্ট কার্যক্রমও তার দায়িত্বে থাকবে।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দায়িত্বে যোগ দেন। এর দুই দিন আগে, ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।

ড. জাহাঙ্গীর আলম খানের পরিচয়

দুদকের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৬৩ সালের ৬ জুলাই মানিকগঞ্জ জেলায় জন্ম নেওয়া ড. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিও নেন।

১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি ম্যাজিস্ট্রেট এবং পরবর্তী সময়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির পাশাপাশি ২০১০ সাল থেকে দেশের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে খণ্ডকালীন অধ্যাপনা করেন।

দুদকে যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আইনের অধ্যাপক এবং আইন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পে লিগ্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার পরিচয়

অন্যদিকে, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৬৩ সালের ১৫ অক্টোবর কুমিল্লা জেলায় জন্ম নেওয়া ড. সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং বিভাগ, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ ও আইবিএতে খণ্ডকালীন শিক্ষকতা করেন তিনি।

ফিন্যান্স, বাণিজ্য, ক্যাশ ফ্লো, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, সম্পদ ও দায় মূল্যায়ন, ট্রান্সফার প্রাইসিং, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram